নীলফামারীর সৈয়দপুরে দায়িত্ব পালনকালে মই থেকে নিচে পাকা রাস্তায় পড়ে গিয়ে হায়দার আলী (৪৭) নামের এক বিদ্যুৎকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সৈয়দপুর-দিনাজপুর সড়কের পাশে ইউনিক অটো রাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হায়দার আলী নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) সৈয়দপুর সরবরাহ ও বিতরণ কেন্দ্রের কর্ম সহযোগী (লাইন হেলপার) ছিলেন। তিনি ওয়াপদা নতুনহাট এলাকার মৃত জোনাব আলীর ছেলে।
স্থানীয় ও নেসকো সূত্রে জানা যায়, ইউনিক অটো রাইস মিলের সামনের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের সংযোগ মেরামতের জন্য অফিসের নির্দেশে মিস্ত্রি রাশেদের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করতে যান হায়দার। রাশেদ মইয়ের মাথায় উঠে কাজ করার সময় তাকে তার কাটার যন্ত্র পৌঁছে দিতে হায়দারও মই বেয়ে ওপরে উঠছিলেন।
মইয়ের মাঝামাঝি পৌঁছালে তিনি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে শক্ত সড়কের ওপর পড়ে যান। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেসকো সৈয়দপুর শাখার নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম জানান, কাজ করার সময় ওই লাইনের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ সাটডাউন করা ছিল। উপর থেকে শক্ত সড়কের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায় নেসকো পরিবার গভীরভাবে শোকাভিভূত।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

