৪০ ফুট নৌকাসহ ১০০ বোতল এসকাফ জব্দ

নদীপথে মাদক পাচার ভেস্তে দিল পুলিশ

নদীপথে মাদক পাচার ভেস্তে দিল পুলিশ
ছবি: আমার দেশ

তিস্তা নদীর দুর্গম চরাঞ্চলকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা করছিল একটি চক্র। লালমনিরহাটের মরিচখোঁচা এলাকা থেকে প্রায় ৪০ ফুট দীর্ঘ শ্যালো মেশিনচালিত নৌকায় করে নদীপথে রংপুরের দিকে নেওয়া হচ্ছিল মাদকের চালান। তবে গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে সেই পরিকল্পনা ভেস্তে যায়।

অভিযানের সময় মাদক কারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে মাদকবাহী নৌকা ও ১০০ বোতল এসকাফ।

বিজ্ঞাপন

সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাকচরসংলগ্ন তিস্তা নদীতে অভিযান চালায় গঙ্গাচড়া মডেল থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাটের মরিচখোঁচা এলাকা থেকে তিস্তা নদীপথ ব্যবহার করে মাদকের একটি চালান রংপুর শহরে নেওয়া হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ নদীতে অবস্থান নিয়ে অভিযান চালালে নৌকায় থাকা মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে পালিয়ে যায়।

পরে নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১০০ বোতল এসকাফ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ৪০ ফুট দীর্ঘ শ্যালো মেশিনচালিত নৌকাটিও জব্দ করা হয়েছে।

নৌকাটি আকারে বড় হওয়ায় নদীপথে থানায় নেওয়া সম্ভব হয়নি। পরে একটি ট্রলির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে সড়কপথে টেনে গঙ্গাচড়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় নৌকাটি দেখতে সড়কের দুপাশে স্থানীয় উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১০০ বোতল এসকাফ উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন