জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের চাকার কয়েল স্প্রিং ও বডির অংশ ভেঙে যাওয়ার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে তিন ঘণ্টা পর।
এরআগে শনিবার সকালে ৯টার দিকে পুরানাপৈল এলাকায় পৌঁছানোর পর ট্রেনটির একটি চাকার স্প্রিং ভেঙে যায়। ফলে রেললাইনেই আটকা পড়ে ট্রেনটি।
ঘটনার পরপরই খবর দেওয়া হলে সান্তাহার জংশন স্টেশন থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত স্প্রিংটি সাময়িক মেরামত করে ট্রেনটি জয়পুরহাট রেল স্টেশনে নিয়ে গেলে বেলা ১২টার দিকে ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও চিলাহাটি রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ (৭৩২ নম্বর) ট্রেনটি জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই হঠাৎ একটি বগির চাকার কয়েল স্প্রিং ভেঙে নিচে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে এবং ব্রডগেজ লাইনে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ট্রেনের পরিচালক ছানোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পেয়ে ট্রেন থামিয়ে দেওয়ায় একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
এই আকস্মিক দুর্ঘটনার কারণে জয়পুরহাট, সান্তাহার, পার্বতীপুর ও ফুলবাড়িসহ বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে, ফলে দূরপাল্লার যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

