ভারতে পাচারের ১২ বছর পর সীমান্তে বাংলাদেশি কিশোরী উদ্ধার

ভারতে পাচারের ১২ বছর পর সীমান্তে বাংলাদেশি কিশোরী উদ্ধার

ভারতে পাচারের প্রায় এক যুগ পর বাংলাদেশি এক কিশোরীকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় যাচাই শেষে কিশোরীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া কিশোরীর বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। কিশোরী বিজিবিকে জানায়, প্রায় ১২ বছর আগে একটি নারী পাচারকারী চক্র তাকে ভারতে নিয়ে বেঙ্গালুরুতে বিক্রি করে দেয়। দীর্ঘ সময় পর সম্প্রতি সে বাংলাদেশে ফিরে আসে।

Amardesh_Human

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে পাটগ্রাম উপজেলার পানবাড়ী গ্রামের পাইকারপাড়া সীমান্ত এলাকায় দিকবিদিক ঘুরে বেড়াচ্ছিল ওই কিশোরী। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পানবাড়ী বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন।

পরে কিশোরীর দেওয়া পরিচয় ও ঠিকানা অনুযায়ী তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। মঙ্গলবার সকালে কিশোরীর বাবা এবং তার এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য পানবাড়ী বিজিবি ক্যাম্পে আসেন। সেখানে তারা কিশোরীকে শনাক্ত করেন।

পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিজিবি কিশোরীকে তার বাবার হাতে তুলে দেয়।

৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন বলেন, ‘বিজিবির হেফাজতে থাকা কিশোরীকে পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন