কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবার ও ৫০ জন আলেম এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।
রোববার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী এবং যুগ্ম মহাসচিব মুফতী কিফায়াতুল্লাহ আজহারীর নেতৃত্বে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
কুড়িগ্রাম জেলার জামিয়া ইসলামিয়া যাত্রাপুর মাদরাসা এবং বাবুস সালাম ভুরুঙ্গামারী মাদরাসায় আয়োজিত পৃথক অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের হাতে জনপ্রতি ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে বন্যার কারণে চরম দুর্ভোগে পড়া ৫০ জন আলেম ও ক্ষতিগ্রস্ত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বানভাসি মানুষের এ দুর্যোগময় সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি ও মানবিক দায়িত্ব। সাধ্যানুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সভাপতি মাওলানা শামসুদ্দিন কাসেমী, সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আবু বকর সিদ্দিক ও মাওলানা ফরিদ উদ্দিন, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, ঢাকা মহানগর দায়িত্বশীল মাওলানা নাহিয়ান, কুড়িগ্রাম জেলার সহকারী সেক্রেটারি মাওলানা উসমান গনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিনসহ স্থানীয় আলেম-ওলামা এবং সংগঠনের নেতৃবৃন্দ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


