স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ফিডিং কর্মসূচির অংশ হিসেবে দেওয়া দুধ পান করে অসুস্থ হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

সোমবার এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন, তুলসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ জন এবং মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরো কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলে জানা গেছে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে—সুমি (পঞ্চম), মায়মুনা (চতুর্থ), সিফা (তৃতীয়), সিদ্দিকা আক্তার (পঞ্চম), আবদুল্লাহ (তৃতীয়), ফেরদৌস (চতুর্থ), কাজল (চতুর্থ), সামিরা (তৃতীয়), আফজানুর (পঞ্চম), মিমি (প্রথম), রোজা (পঞ্চম), তানহিয়া (পঞ্চম), মিম (পঞ্চম), রানা (তৃতীয়), মুসফিকা জান্নাত মাইসা (পঞ্চম), জান্নাতুন ফেরদৌস (চতুর্থ), রিমা (চতুর্থ), শামীম (চতুর্থ), রিমন হাসান (দ্বিতীয়), রিম্পা (তৃতীয়), রন্তা (তৃতীয়), আরাফাত (পঞ্চম), সাহিদা (চতুর্থ), মনিকা দেবনাথ (তৃতীয়), নবদীপ (তৃতীয়) ও আরিজ (তৃতীয়)।

এদিকে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাফি চৌধুরী দাবি করেছেন, তিনি সরকারি ছুটিতে ছিলেন।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র বলেন, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশও অবগত রয়েছে এবং প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।

তিনি বলেন, স্কুল ফিডিংয়ের দুধ পান করার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে কি না, তা পুরোপুরি তদন্ত ও চিকিৎসা সংক্রান্ত মূল্যায়নের পরই নিশ্চিত হওয়া যাবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন