কুড়িগ্রামে সারের দাবিতে মহাসড়ক অবরোধ

কুড়িগ্রামে সারের দাবিতে মহাসড়ক অবরোধ

কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গায় সার না পেয়ে মহাসড়ক অবরোধ এবং ডিলার ম্যানেজারকে মারধর ও ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মহাসড়ক অবরোধ করায় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও কৃষি কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করে সার বিতরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে ভোগডাঙ্গায় মেসার্স এ কে এম মোস্তাফিজুর রহমান ডিলার পয়েন্টে সার বিতরণের কথা শুনে চারশ থেকে পাঁচশ কৃষক সেখানে উপস্থিত হন। বিতরণে দেরি হওয়ায় উপস্থিত কৃষকরা উত্তেজিত হয়ে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে কিছুক্ষণের জন্য দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ঘোগাদহ ইউনিয়নের মেসার্স অলিল মোল্লা ডিলার পয়েন্টেও একই ঘটনা ঘটে। সকাল থেকেই ডিলার পয়েন্টে কয়েকশ কৃষক উপস্থিত হন। সার দিতে দেরি হওয়ায় উত্তেজিত কৃষকরা ডিলারের ম্যানেজার শাহনুরকে মারধর করে ধাওয়া দেন। পরে ম্যানেজার পালিয়ে যান। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন কৃষকরা। পরে কৃষি কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কৃষকদের ভাষ্য, আমন ধানে পরিমাণমতো সার না দিলে ফলন নষ্ট হয়। এ জন্য সকাল থেকেই তারা সারের জন্য উপস্থিত হয়েছিলেন, কিন্তু সার না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন। তাদের অভিযোগ, ডিলাররা রাতের আঁধারে সার কালোবাজারিদের কাছে বিক্রি করে দেন।

ঘোগাদহ ইউনিয়নের কৃষক রাজা মিয়া বলেন, ‘সারের জন্য সকাল থেকেই ডিলার পয়েন্টে কয়েকশ কৃষক অবস্থান করেন। সার দিতে দেরি হওয়ায় উত্তেজিত কৃষকরা ডিলারের ম্যানেজার শাহনুরকে মারধর করেন এবং ধাওয়া দেন।

কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা আফরিন বলেন, ‘ভোগডাঙ্গায় ডিলার পয়েন্টে ২০০ বস্তা সার ছিল, অথচ সেখানে লোক জড়ো হয়েছিল চারশ থেকে পাঁচশ জন। এ কারণে জটলা তৈরি হয়। ভিড়ের কারণে সার দিতে দেরি হওয়ায় লোকজন উত্তেজিত হয়ে ওঠে। ঘোগাদহ ইউনিয়নে একই অবস্থা তৈরি হয়েছিল।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন