রংপুরে দাদন ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন

রংপুরে দাদন ব্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন

রংপুরের চাঞ্চল্যকর দাদন ব্যবসায়ী সিরাজুল ইসলাম হত্যা মামলায় এক ক্ষুদ্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে রংপুর সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৭ ডিসেম্বর কাউনিয়া উপজেলার সারাই এলাকায় দাদন ব্যবসায়ী সিরাজুল ইসলামকে হত্যা করা হয়। সুদের ৭০ হাজার টাকা লেনদেন নিয়ে সিরাজুলকে ডেকে এনে হত্যা করে তার নিজ বাড়ির রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা হয়। এই ঘটনায় সিরাজুলের স্ত্রী মবিনা বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ক্ষুদ্র ব্যবসায়ী ফরিদ মিয়া ও তার স্ত্রী মিস্টি বেগমকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

তদন্ত শেষে পুলিশ ফরিদ ও তার স্ত্রী মিস্টির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ শুনানি এবং ১৭ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত এই রায় প্রদান করেন। রায়ে আদালত আসামি ফরিদ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডও দেওয়া হয়।

মামলায় ফরিদের স্ত্রী মিস্টি বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় স্বামী-স্ত্রী দুজনই আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আফতাব উদ্দিন জানান, তারা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় এই রায় হয়েছে এবং তারা এতে সন্তুষ্ট।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী শাহেদ কামাল ইবনে খতিব বলেন, রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। তারা উচ্চ আদালতে আপিল করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন