আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর অর্থাভাবে উচ্চশিক্ষা নিয়ে অনিশ্চয়তায় থাকা গোল্ডেন জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী মাসুদের পাশে দাঁড়িয়েছে সুনাগরিক ফাউন্ডেশন বাংলাদেশ।
একই সঙ্গে কলেজে ভর্তি ও আনুষঙ্গিক খরচের জন্য নিজের ও বন্ধুদের পক্ষ থেকে নগদ ৫২ হাজার টাকা সহায়তা দিয়েছেন বদরগঞ্জের মানবিক স্বেচ্ছাসেবক মোরশেদুল হক।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মোরশেদুল হক তারাগঞ্জের রামপুরা গ্রামে মাসুদের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন। এ সময় তিনি মাসুদের হাতে নগদ ৫২ হাজার টাকা তুলে দেন।
মোরশেদুল হক বলেন, আমার দেশ-এ প্রকাশিত সংবাদ থেকেই মাসুদের মেধা, উচ্চশিক্ষার স্বপ্ন এবং পরিবারের আর্থিক সংকটের কথা জানতে পারি।
তিনি বলেন, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা থেমে যাওয়া উচিত নয়। মাসুদের মেধা ও স্বপ্নের কথা জানতে পেরে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
এদিকে, ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন সুনাগরিক ফাউন্ডেশন বাংলাদেশ মাসুদের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছে।
উল্লেখ, গত ১১ আগস্ট আমার দেশ অনলাইন সংস্করণে ‘আমার স্বপ্ন একটি ভালো কলেজে ভর্তি, অর্থাভাবে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া মাসুদের ভবিষ্যৎ অনিশ্চিত’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর মাসুদের শিক্ষা নিয়ে অনিশ্চয়তার বিষয়টি বিভিন্ন মানুষের নজরে আসে।
মাসুদ গোল্ডেন জিপিএ-৫ পেলেও পরিবারের আর্থিক সংকটের কারণে ভালো কলেজে ভর্তি হওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিল। এখন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথ অনেকটাই সহজ হয়েছে।
মাসুদ ও তার পরিবারের পক্ষ থেকে মোরশেদুল হক, সুনাগরিক ফাউন্ডেশন বাংলাদেশসহ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

