নীলফামারীর জলঢাকায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি ও কৃষি উৎপাদন সম্প্রসারণে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জলঢাকা কৃষি অফিস প্রান্তিক চাষীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেছে। বুধবার (১২ নভেম্বর) সকালে তালিকাভুক্ত কৃষকদের মাঝে শরিষা, গম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ বীজ ও প্রয়োজনীয় সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার খোরশেদ আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তাগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৭৪০ জন কৃষককে প্রণোদনার আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে। উপস্থিত উপকারভোগী কৃষক মোজাম্মেল হক প্রণোদনা হিসেবে কৃষি উপকরণ পেয়ে খুব আনন্দিত বলে জানান। তিনি বলেন, বিনামুল্যে সরকার থেকে কৃষি উপকরণ পাওয়ায় তার উৎপাদন খরচ কম হবে এবং শস্য উৎপাদনে আরও বেশি মনোযোগী হবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে সুষ্ঠ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত প্রান্তিক চাষীদের এসব তালিকা তৈরি করেছেন। তালিকাভুক্ত চাষীদের মাঝে কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে তাদের উৎসাহিত করা ও কৃষি খাতে সরকার প্রদত্ত ভর্তুকি কৃষকদের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

