ভারি বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। এর ফলে লালমনিরহাটের তিস্তাপারের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার সকাল ৬টায় হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত দুই দিনের টানা ভারি বৃষ্টিপাত এবং ভারতের উজানের ঢলে তিস্তা নদীর পানি সমতলে বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তিস্তার পানি সতর্কসীমায় বা তার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুমের ইনচার্জ নুরুল ইসলাম জানান, তিস্তায় পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের জলকপাটগুলো সচল রাখা হয়েছে।
আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপার গ্রামের বাসিন্দা কোরবান আলী জানান, চলতি বছর এখনো বড় কোনো বন্যা হয়নি। তবে শুক্রবার রাত থেকে নদী থইথই করছে। প্রতি বছর সেপ্টেম্বরের শেষ দিকে তিস্তায় বড় বন্যা হয়, তাই তীরবর্তী মানুষজন শঙ্কায় রয়েছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে তিস্তায় পানি বাড়ছে। শনিবার সকালে পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আমরা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

