কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী ওয়াপদা সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের তিনটি খুঁটি দীর্ঘদিন ধরে থাকলেও কারও নজরে আসছে না। এরই মধ্যে দুটি খুঁটি সড়কের ঠিক মাঝ বরাবর থাকায় এলাকার শত শত মানুষ দুর্ভোগে পড়ছে।
ওয়াপদাবাঁধ সড়কের মাঝখানে বিদ্যুতের এই দুই খুঁটির কারণে অনেক সময়ই দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা সড়ক থেকে খুঁটিগুলো সরানোর জোর দাবি তুলেছেন। জানা গেছে, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের আওতায় খোঁচাবাড়ী ওয়াপদা বাঁধের সড়কে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকটি খুঁটি ওয়াপদা বাঁধের সড়কের পাশে স্থাপন করা হয়।
ওই সময় খুঁটিগুলো সড়কটির পাশে থাকলেও পরবর্তী সময়ে ওয়াপদা বাঁধটি পুনঃসংস্কার কাজের সময় বিদ্যুতের খুঁটিগুলো অন্যত্র না সরিয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বাঁধটির সংস্কার কাজ শুরু করে। এতে ওয়াপদা বাঁধের প্রস্থ বৃদ্ধি পেয়ে বিদ্যুতের খুঁটিগুলো ওয়াপদা বাঁধ সড়কের মাঝখানে পড়ে যায়।
স্থানীয় ভুক্তভোগী আব্দুল জলিল জানান, খোঁচাবাড়ী ওয়াপদা সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের তিনটি খুঁটি দীর্ঘদিন ধরে আছে। খুঁটিগুলো সড়কের মাঝখান থেকে না সরালে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। শিক্ষার্থী সাগর জানান, বিদ্যুতের খুঁটিগুলো ওয়াপদা সড়কের মাঝখানে থাকায় আমাদের আতঙ্কে থাকতে হয় এবং যাতায়াতে সমস্যা হচ্ছে। খুঁটিগুলো সরিয়ে নিয়ে ওয়াপদা বাঁধ সড়কের পাশে স্থাপন করলে ভালো হবে।
এ প্রসঙ্গে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান জানান, বিদ্যুতের খুঁটিগুলো স্থাপন করা হয়েছে অনেক আগে। খুঁটিগুলো ওয়াপদা বাঁধ সড়কের পাশে ছিল। সড়ক বৃদ্ধি হওয়ায় এখন মাঝখানে পড়েছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকীবুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি রৌমারীতে কাজে আছি। আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এলাকার লোকেশনসহ বিস্তারিত জানালে বিষয়টি দেখব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

