মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

উপজেলা প্রতিনিধি, (ফুলবাড়ী) কুড়িগ্রাম

মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদক নির্মূল এবং সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সকল রাজনৈতিক দল ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

বুধবার দুপুরে ফুলবাড়ী উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় উপদেষ্টার বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতার।

বিজ্ঞাপন

সভায় এমপি ড. আতিক মুজাহিদ বলেন,“আপনারা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে ফুলবাড়ী উপজেলার উন্নয়ন ও সমস্যাগুলো চিহ্নিত করে আমাকে দিন। আমি সেগুলো জাতীয় সংসদসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করে দাবি আদায়ের চেষ্টা করবো।”

তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,“জনগণের সেবা না করে যদি কেউ দুর্নীতির আশ্রয় নেন, তাহলে এখানে থাকতে পারবেন না।”

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে পুলিশের উদ্দেশে তিনি বলেন,“পুলিশ চাইলে মাদক ব্যবসা বন্ধ হবে না, অথচ মাদক ব্যবসায়ী থাকবে—এটা আমি বিশ্বাস করি না। আমি বিভিন্ন জায়গায় আমার লোক রেখেছি, তারা আমাকে সব তথ্য জানাবে।”

এতে অন্যান্যর মধ্যে ফুলবাড়ী থানার এসআই শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপিত লোকমান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক যুবদল সভাপতি সামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক, কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার সরকার, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান রিজু, প্রেসক্লাব ফুলবাড়ীর সভাপতি অলিউর রহমান নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ হাফিজুল ইসলাম, বিজিবি কাশিপুর কোম্পানির কমান্ডার জাহিদ প্রমূখ বক্তব্য রাখেন|

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...