দিনাজপুরের বিরামপুরে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ের রাখার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু হানিফের নেতৃত্বে এ মিছিল শুরু হয়।
মিছিল শেষে আবু হানিফ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা মধ্যে যেন থাকে সে বিষয়ে সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সহনীয় রাখতে হবে। কালোবাজারি, অবৈধ মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। ইফতার, সেহরি ও তারাবির নামাজে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে।
হোটেল রেস্তোরাঁর মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দিনের বেলা আপনাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের ব্যবসার ক্ষয়ক্ষতি অন্য দিক দিয়ে পুষিয়ে দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা দক্ষিণের সভাপতি সাজেদুর রহমান রহমান সাজু, সেক্রেটারি বোরহান উদ্দিন,বাইতুল মাল সেক্রেটারি আবুল কালাম আজাদ, বিরামপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুল বাশার, মাওলানা এহসানুল হক, বিরামপুর পৌর আমীর মাওলানা মামুনুর রশিদ, বিরামপুর পৌরসভার প্রচার সম্পাদক ডা. রাকিবুল ইসলাম, মুকুন্দপুর ইউনিয়ন আমির বাবুল হোসেন, সেক্রেটারি সামসুদ্দিন, কাটলা ইউনিয়ন আমির আব্দুল মাবুদ প্রমুখ।
মিছিলটি বিরামপুর টিএনটি মোড় থেকে শুরু করে বিএনপি মোড় হয়ে বিরামপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

