মৌলভীবাজারের বড়লেখায় অভিনব কৌশলে একটি ডিপার্টমেন্টাল স্টোরের ক্যাশবাক্স থেকে ৫ লাখ টাকা চুরির ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আইনের সংঘাতে জড়িত এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত ১০ মার্চ শাহবাজপুর বাজারস্থ “রাসেল ভেরাইটিজ স্টোর”-এ সংঘটিত চুরির ঘটনায় বড়লেখা থানায় মামলা একটি মামলা রুজু করা হয়। মামলার তদন্তকালে দোকানে স্থাপিত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, দুজন বোরকা পরিহিত নারী মালামাল ক্রয়ের অজুহাতে দোকান মালিককে ব্যস্ত রাখে। এসময় তাদের সঙ্গে থাকা প্রায় ৭ বছর বয়সী এক শিশুকে দিয়ে ক্যাশবাক্সে থাকা নগদ ৫ লাখ টাকা চুরি করানো হয়।
পরবর্তীতে ২৬ মে তারিখে সিলেট জেলার বিশ্বনাথ থানা পুলিশের সহায়তায় ১নং আসামি স্মৃতি রানি শাহজি প্রকাশ স্মৃতি বেগম (৩১) এবং আইনের সংঘাতে জড়িত শিশু (০৮)-কে বিশ্বনাথ থানাধীন সন্ধানী ক্লিনিক এলাকা হতে হেফাজতে নেওয়া হয়।
স্মৃতি বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৭ মে তারিখ ভোর সাড়ে ৪টায় দক্ষিণ সুরমা থানা পুলিশের সহায়তায় দক্ষিণ সুরমা থানাধীন ওমর কবর কাশবন এলাকার বাচ্চু মিয়ার কলোনি হতে ২নং আসামি শানু বেগমকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিদ্বয় আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা সিলেট বিভাগের বিভিন্ন বাজারে ক্রেতা সেজে দোকান মালিকদের অগোচরে টাকা চুরি করাকে পেশা হিসেবে গ্রহণ করেছে। তাদের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।
গ্রেপ্তার দুই নারীকে আদালতে পাঠানো হয়েছে। আর আইনের সংঘাতে জড়িত শিশুটিকে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রবেশন অফিসার ও শিশু বিষয়ক কর্মকর্তার পরামর্শে তার নানীর জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

