সুনামগঞ্জ জেলা বিএনপির বর্ধিত সভা

ইউনূস সরকারের দিকে মানুষ তাকিয়ে আছে: জাহিদ হোসেন

ইউনূস সরকারের দিকে মানুষ তাকিয়ে আছে: জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ইউনূস সরকারের দিকে বুকভরা আশা নিয়ে মানুষ তাকিয়ে আছে। দ্রুততার সাথে যেন হত্যা, ঘুমের বিচার হয়। ফ্যাসিস্ট সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। এসব প্রতিষ্ঠান নতুন করে গড়ে তুলতে হবে। এক স্বৈরাচার পালিয়েছে আরেক কর্তৃত্ববাদী সরকার যেন না আসে সেদিকেও খেয়াল রাখতে হবে।

বিজ্ঞাপন

সোমবার (২ জুন) শহরের একটি রেস্টুরেন্টে বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছর মানুষের অধিকার নিয়ে লড়াই করেছি। অর্থনৈতিক মুক্তি ও গণতন্ত্র উদ্ধারে লড়াই করেছি। এ লড়াইয়ে বিএনপির অনেক নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। জুলাই-আগস্টে হাজার হাজার লোক শহীদ হয়েছে, আহত হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা খুন করে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, বিএনপি পালায় না। বিএনপি জনগণের দল। জনগণের কষ্টে পাশে থাকে। খুনিদের বিচারের আওতায় আনতে হবে। বিচার শুরু হয়েছে। শুধু তাদের বিচার করলে হবে না, সাগর- রুনির চার্জশিট ১১৮ বার পিছিয়েছে। ৬৪ জন সাংবাদিক হত্যা, ইলিয়াস আলী গুম, উপদেষ্টা সৈয়দা রেজোওয়ানা হাসানের স্বামী গুম, ফরহাদ মাজহার গুমসহ প্রতিটি ঘটনার বিচার করতে হবে।

তিনি আরও বলেন, প্রশাসনের সকল স্তরে ফ্যাসিবাদ বসে আছে। এদের সরাতে হবে। নতুবা দেশে সুশাসন প্রতিষ্ঠা পাবে না। সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়ার আহবান জানান তিনি।

জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় এ সময় অতিথি ছিলেন, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছসহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক জেলা সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন