বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন তিন মাসের মধ্যেও সম্পন্ন হতে দেখেছি। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের এক বছর সময় লাগানোর কোনো কারণ দেখছি না। এই বিলম্ব কোনো শুভ লক্ষণ নয়। দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন। আর না হয় বিএনপি বসে থাকবে না।
রোববার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, আপনারা ২০০৮ সালে সঠিক ভাবে ভোট দিতে পারেননি। ২০১৪ ও ২০১৮ সালেতো আগেই রাতে ভোট হয়ে গেছে। এবার সুষ্টু ভোটের ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তী সরকারকেই করতে হবে।
এ সময় তিনি বলেন, ২০০৮ এর নির্বাচনও নাকি ষড়যন্ত্রমূলক ছিল। ২০১৪ ছিল ভোটারবিহীন। ২০১৮ ছিল নৈশভোটের নির্বাচন। আর ২০২৪ হয়েছে আমি আর ডেমির নির্বাচন। জনগণ আসল নির্বাচন চায়। যেখানে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
ডা. জাহিদ হোসেন বলেন, বিগত ৯ মাসে দেশের মধ্যে কিছু হলেই সব দোষ বিএনপি নেতাকর্মীদের ঘাড়ে ছাপানোর চেষ্টা করা হয়েছে। অথচ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি গুম, খুন, মামলা হামালা নির্যাতনের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। তার বড় উদাহরণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি পায়ে হেঁটে সুস্থ অবস্থায় জেলে গেলেন। যখন বিদেশে চিকিৎসার জন্য যান তখন ট্রেচারে করে যেতে হয়। বিনা অপরাধে বেগম খালেদা জিয়াকে বন্ধী করে রাখা হয়েছে বছর পর বছর। লাখ লাখ নেতাকর্মী মামলার শিকার হয়েছেন ভুলে গেলে হবে না।
উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমদ চৌধুরী সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতা সিদ্দিকী, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আহমদ আলী মুকিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া ও আমেরিকা শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল হক নান্টু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, হাজী এনামুল হক, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরীসহ আরও অনেকেই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

