হবিগঞ্জের বাহুবলের খুজারগাঁও গ্রামে নারী ও জমি সংক্রান্ত ঘটনায় জের ধরে মো. আব্দুল্লাহ (৪০) হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার ভোর রাতে র্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং র্যাব-১১-এর সিপিএসসি নরসিংদীর অভিযানে নরসিংদী সদর মডেল থানার পৌরসভা অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামি বিল্লাল মিয়া (২৪) বাহুবল উপজেলার খুজারগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি বাহুবল থানায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নং আসামি।
সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মাগরিবের নামাজ শেষে স্থানীয় খুজারগাঁও মসজিদের দক্ষিণ পাশের সড়কে মোহাম্মদ আব্দুল্লাহ ও তার দুই ভাইয়ের পথরোধ করে পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আব্দুল্লাহ ও তার অপর দুই ভাই আব্দলু কাদির ও আব্দুস সালাম গুরুতর আহত হন।
স্বজনরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তার এক ভাইকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কাদির বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে পলাতক আসামি বিল্লাল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

