গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে আটক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সিলেট জেলা পুলিশ।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলার সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মোহাম্মদ সম্রাট তালুকদার।
সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্য মোরসালিন কবির বিয়ানীবাজার থানায় কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জ পৌরসভার বইটিকর এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেসবুকে সাইদুর রহমানের দেওয়া মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে সেটি দেখতে হেতিমগঞ্জে যান মোরসালিন ও ওলিউল ইসলাম। সেখানে মোটরসাইকেলটি পছন্দ করার পর চালিয়ে দেখার কথা বলে তারা সেটি নিয়ে গোলাপগঞ্জের দিকে চলে যান।
বিষয়টি সন্দেহজনক মনে হলে মোটরসাইকেলের মালিক সাইদুর রহমান তাদের পিছু নেন। একপর্যায়ে গোলাপগঞ্জ পৌরসভার বইটিকর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় মোরসালিনকে আটক করা হয়। পরে স্থানীয়রা তাকে মারধর করে গোলাপগঞ্জ থানায় নিয়ে যান। থানায় নেওয়ার পর মোরসালিন নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন।
সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সম্রাট তালুকদার বলেন, মোটরসাইকেল-সংক্রান্ত ঘটনায় ওই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও করা হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-7f3a85.jpg)