নবীগঞ্জের বাড়িতে পরিবারে কান্নার রোল

দেশে জামিনে বাধা দিলে লিবিয়ায় জিম্মি রায়হানকে হত্যার হুমকি

উপজেলা প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

দেশে জামিনে বাধা দিলে লিবিয়ায় জিম্মি রায়হানকে হত্যার হুমকি
লিবিয়ায় দালালদের মাঝে রায়হান গোল (চিহ্ন)। ছবি: আমার দেশ

লিবিয়াতে নিখোঁজ নবীগঞ্জের রায়হান চৌধুরীর বাড়িতে পরিবারে কান্নাররোল। দালালরা বলছে, বেশি বাড়াবাড়ি না করার জন্য। দালাল শামীমের বাবা নজরুলের জামিনে বাধা দিলে ‘রায়হানকে হত্যা করে লাশ সাগরে ভাসিয়ে দেব’ বলে হুমকি দিয়েছে।

সোমবার সন্ধ্যায় লিবিয়ায় আটক রায়হান চৌধুরীর বাবা আবু তাহের চৌধুরীকে ফোন করে মানবপাচার চক্রের সদস্য শামীম ও রাকিব । তারা সাফ জানিয়েছে, ‘তোমার পুত্রকে জীবিত পেতে চাইলে আগামী ১১ মে হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতে মানবপাচার মামলার প্রধান আসামি শামীমের বাবা নজরুল ইসলামের জামিন শুনানিতে বাধা প্রদান না করতে। সোমবার সকালে হবিগঞ্জ জেলা জজ আদালত থেকে প্রধান প্রশাসনিক কর্মকর্তা মামলার বাদী আবু তাহের চৌধুরীকে জামিন শুনানিতে থাকার জন্য চিঠি প্রেরণ করেন।

বিজ্ঞাপন

ওই চিঠিতে বলা হয়েছে, আসামির জামিনে যেতে তার কোনো আপত্তি থাকলে আদালতে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করার জন্য। এই চিঠি পাওয়ার পরেই ফোন আসে সন্ধ্যায়। নিখোঁজ রায়হান চৌধুরীর পিতা দালাল শামীম ও রাকিবের ফোন কলে আতঙ্কিত হয়ে পড়েছেন। মামলা করেও বিপাকে পড়েছেন তিনি।

এখন একদিকে মামলার শুনানি, অন্যদিকে ছেলের জীবন বিপন্নের হুমকি। কোন পথে হাঁটবেন তা স্থির করতে পারছেন না।

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের আবু তাহের চৌধুরীর ছেলে রায়হান চৌধুরীকে ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়ায় আটকে রেখে ২৭ লাখ টাকা মুক্তিপণ নেয় দালাল চক্র। এরপরও তাকে ছেড়ে দেওয়া হয়নি, বরং আরও ২৫ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার জন্য মারধর করে হাতের আঙ্গুল কেটে দিয়ে, কবজি কাটার হুমকি দিচ্ছে। নির্যাতন করার পর বর্তমানে ৪৩ দিন ধরে রায়হান নিখোঁজ রয়েছে। এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। ঐ দালাল চক্রের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করে বিপাকে পড়েছেন এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী রায়হানের পরিবার।

৩০ এপ্রিল বৃহস্পতিবার মানবপাচার মামলার প্রধান আসামি দালাল শামীমের বাবা নজরুল ইসলাম গোপনে জামিন নেওয়ার চেষ্টা করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।

এ বিষয়ে মামলার বাদী আবু তাহের চৌধুরী বলেন, আমি মামলা করে বিপদে পড়েছি। আমি এখন আমার ছেলের কোনো সন্ধান পাচ্ছি না।

গতকাল আদালতের চিঠি পাওয়ার পরই দালাল ও মানবপাচারকারী চক্রের সদস্যরা ফোন করে বেশি বাড়াবাড়ি না করতে বলেছে। শামীমের বাবা নজরুলের জামিনে বাধা না দিতে বলেছে। অন্যথায় ‘রায়হানকে তারা হত্যা করে লাশ সাগরে ভাসিয়ে দেবে বলে হুমকি দিচ্ছে। তারা আরও বলেছে, ‘তোমার পুত্রকে পেতে চাইলে আগামী ১১ মে মানবপাচার মামলায় আটককৃত প্রধান আসামি নজরুল ইসলামের জামিন শুনানি হবে হবিগঞ্জ আদালতে, ঐ জামিন শুনানিতে বাধা প্রদান না করতে।

এখন প্রায় দেড় মাস ধরে সে নিখোঁজ রয়েছে। আমাকে মামলা তোলার জন্য চাপ প্রয়োগ করছে। তিনি আরও বলেন, দৈনিক আমার দেশ পত্রিকায় রায়হানের নিউজ প্রকাশের পর দালাল রাকিব ও শামীম আবারও ফোন করেছে। তারা বলছে, এসব বিষয়ে মিডিয়ায় কেন প্রচার করলাম পরিণাম ভালো হবে না।

এদিকে সোমবার বিকালে মানবপাচাররোধ ঢাকা সিআইডি এন্ট্রি ট্রেকিং মনিটরিং সেল থেকে এসপি কাওসার আহমদ বলেন, আমরা জাতীয় দৈনিক আমার দেশে নিউজ পেয়েছি। বিষয়টি নিয়ে তিনি মামলার বাদী আবু তাহের চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেছি। তার জবানবন্দি নিয়েছি, কীভাবে আসামিদের বিরুদ্ধে বিদেশে ব্যবস্থা নেওয়া যায় ও দেশে যারা আছে তারা যেন বিদেশে পালিয়ে যেতে না পারে, তাদের ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানান। তিনি দৈনিক আমার দেশকে বলেন, ‘আমরা এখনও মামলার নথিপত্র পাইনি। আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ শুরু করেছি। আসামিরা যাতে দেশের বাইরে পালিয়ে না যায়, যারা বিদেশে আছে তাদের ব্যাপারেও কাজ করছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন