দেড় লাখ টাকা জরিমানা‎

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস
ছবি: আমার দেশ

হবিগঞ্জের বাহুবলে সরকারি অনুমতি ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। নিজ জমি থেকে বালু উত্তোলনের মাধ্যমে আশপাশের কৃষিজমি ও পরিবেশের ক্ষতিসাধনের অভিযোগে বিধু দেব (৪৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন ধ্বংস করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়ের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত বিধু দেব উপজেলার শম্ভুপুর গ্রামের বারীন্দ্র দেবের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বিধু দেব কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়া নিজ জমি থেকে বালু উত্তোলন করে আসছিলেন। অবৈধ এ কার্যক্রমের কারণে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পায়।

বিজ্ঞাপন

‎অভিযান চলাকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় বিধু দেবকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।‎

‎উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, ‘সরকারি অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু উত্তোলন করতে পারবে না। আইন অমান্য করে যারা পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।’

‎তিনি আরও বলেন, ‘পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রশাসন বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

‎অভিযানে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম ও উপজেলা আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন