জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করে তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন বক্তারা।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, জেলা অফিস সেক্রেটারি নুরুল ইসলাম, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মু. মামুন, সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আলীসহ জেলা, উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস। তাদের রক্তের ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে তারা জীবন উৎসর্গ করেছেন। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জুলাইয়ের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

