গোয়াইনঘাট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

সিলেট ব্যুরো

গোয়াইনঘাট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয়রা (খাসিয়া) মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে। শনিবার রাত আনুমানিক ৩টার দিকে মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।

তিনি ভারত থেকে পণ্য এনে বাংলাদেশে বিক্রি করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে ঘটনার সময় তিনি কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে মিনহাজ উদ্দিন উপজেলার সোনারহাট-লাখাট সীমান্ত পেরিয়ে ভারতের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় প্রবেশ করলে খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে তারা নিহতের বাড়িতে যান এবং বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবহিত করেন।

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক বলেন, খাসিয়ার গুলিতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মিনহাজ ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে কোনো অসৎ উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন। সেখানে খাসিয়ার গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। পরে বাংলাদেশে নিয়ে এসে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...