জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার দুপুরে সিলেটের লাক্কাতুরা চা-বাগান ফ্যাক্টরি মাঠে চা-শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে জন্য কঠোর মনিটরিং করা হবে।
বিরোধী দলের আন্দোলন নিয়ে মন্ত্রী বলেন, তারা নির্বাচিত বিরোধী দল, তাদের উচিত মুখরোচক কথাবার্তা না বলে দায়িত্বশীল আচরণ করা।
এর আগে বিভিন্ন চা-বাগানের ১৯৮০ জন শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। এ সময় শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকার চা-বাগানের আয় বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। চা-বাগান লাভজনক করার জন্য কয়েক দিন আগেও আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে বৈঠক করেছি। তিনি বলেন, আগামী দিন বাগানের ইনকাম বাড়ানোর জন্য আমরা কিছু পদক্ষেপ নিচ্ছি। চ-গাছের স্বাস্থ্য নষ্ট না করে আরও কোনো গাছ লাগানো যায় কি না, সে ব্যাপারে আলাপ হচ্ছে।
কাঠের গাছ, মসলার গাছÑ এসব গাছ লাগানোর আলাপ-আলোচনা চলছে। এ ছাড়া যেসব বাগানে সম্ভব সেগুলোতে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হবে, যাতে বাগানের আয় বাড়াতে পারি।
মন্ত্রী বলেন, চা-বাগানের শ্রমকিদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। যেসব বাগানে স্কুল নেই, সেগুলোতে স্কুল হবে। বাগানের রাস্তাঘাটের সংস্কার করা হবে। চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য পরিকল্পিতভাবে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছি। এর সুফল আপনারা পাবেন।
সিলেট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক আব্দুলাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ জোসেন চৌধুরীসহ রাজনৈতিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

