সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বালুবাহী একটি ছোট ট্রাক থেকে প্রায় আড়াই হাজার বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে গাড়ির চালকসহ দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার কোম্পানীগঞ্জ থানা সদর চেকপোস্টে গাড়িটি আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কুতুবপুর এলাকার মো. কামাল মিয়ার ছেলে ও ট্রাকচালক কামরুল ইসলাম (৩০) এবং সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে চালকের সহকারী রুহুল আমিন (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা সদর চেকপোস্টে নিয়মিত ডিউতিকালীন সময়ে এএসআই আবুল কালাম জানতে পারেন যে, বালুবাহী একটি ছোট ট্রাকে করে বিপুল পরিমাণ মাদক সিলেটের দিকে নেওয়া হচ্ছে। এর কিছুক্ষণ পর সন্দেহভাজন ওই ট্রাকটি চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ভেতরে থাকা বস্তাভর্তি বিভিন্ন ব্র্যান্ডের মোট ২ হাজার ৪৮১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬৩ লাখ টাকা।
পরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণীর উপস্থিতিতে গাড়িটিসহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনী জানান, জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া এই মাদকের চালানের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

