সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরিয়ান ইসলাম নামে ১১ মাস ২৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আরিয়ান ইসলাম জকিগঞ্জ উপজেলার আলমনগর এলাকার দেলোয়ার মিয়ার ছেলে।
রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে একই সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো ১৪১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগজুড়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৬ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। নিশ্চিত হাম রোগীদের মধ্যে দুজন রুবেলা আক্রান্ত রোগীও রয়েছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

