সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছেন সিলেট মহানগর বিএনপি। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাগরিক কমিটি গঠন না করা এবং আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
নাগরিক সংবর্ধনা আয়োজনের ক্ষেত্রে যথাযথ মূল্যায়ন না পাওয়ায় সোমবার থেকেই ক্ষোভ প্রকাশ করে আসছেন বিএনপির অনেক নেতা-কর্মী। মঙ্গলবার এক দিনের সফরে সিলেটে আসেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করতেই মূলত তাঁর এই সফর।
রাষ্ট্রপতি সিলেটের প্রবেশপথে পৌঁছালে মহানগর বিএনপির নেতা-কর্মীরা নগরীর বিভিন্ন পয়েন্টে উপস্থিত হয়ে তাঁকে স্বাগত জানান। পরে দুপুরে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতির সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের কথা রয়েছে।
তবে এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে সিলেট মহানগর বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী ওই অনুষ্ঠানে অংশ নেবেন না।
বয়কটের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘উক্ত অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতা-কর্মী অংশ নেবেন না।’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন করে সংবর্ধনার আয়োজন না করা এবং আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সিটি করপোরেশন আয়োজিত অনুষ্ঠান বয়কট করেছে।’
তিনি আরো বলেন, ‘শুধু মহানগর বিএনপি নয়, দলের অনেকেই এই অনুষ্ঠান বয়কট করছেন। তবে সিসিকের সংবর্ধনা অনুষ্ঠান বাদে অন্যান্য কর্মসূচিতে আমরা রাষ্ট্রপতির সম্মানে উপস্থিত থাকব।’
দলটির নেতারা জানান, রাষ্ট্রপতির সিলেট সফরকে স্বাগত জানিয়ে মহানগর বিএনপির নেতা-কর্মীরা নগরীর বিভিন্ন পয়েন্টে উপস্থিত ছিলেন। তবে নাগরিক সংবর্ধনা আয়োজনের প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকায় মূল অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটি সিলেটে প্রথম সফর। এক দিনের সফরে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

