আহত-নিহত শ্রমিকদের মেধাবী সন্তানদেরও শিক্ষাব্যয় বহন করবে সরকার: শ্রমমন্ত্রী

আহত-নিহত শ্রমিকদের মেধাবী সন্তানদেরও শিক্ষাব্যয় বহন করবে সরকার: শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। অসুস্থ ও দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তার পাশাপাশি শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের লেখাপড়ার সব খরচ বহনেও সরকার সার্বিক সহযোগিতা করবে।

বিজ্ঞাপন

শনিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৪তম পরিচালনা বোর্ড সভায় অনুমোদিত অসুস্থ ও দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শ্রমিকদের চিকিৎসা, তাদের সন্তানদের মানসম্মত শিক্ষা ও সামগ্রিক জীবনমান উন্নয়নে বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, এ সহায়তা শ্রমিকদের দুর্দিনে তাদের পাশে থাকার প্রতি সরকারের অঙ্গীকারের প্রতীক। রিকশাচালক থেকে শুরু করে বিভিন্ন পেশার শ্রমিকেরা কঠিন রোগে আক্রান্ত হলে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করে এ সহায়তা পেতে পারেন। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়নের মাধ্যমে আবেদন করলে যাচাইপ্রক্রিয়া আরও সহজ ও দ্রুত সম্পন্ন হবে।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন মাঝপথে বন্ধ না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের পরীক্ষার ফলাফল ও যোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে, যাতে তারা ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলীসহ দেশের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারে।

জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিকী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি এবং সুবিধাভোগী শ্রমিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন