শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, সিসিটিভি ও নিরাপত্তায় বিশেষ জোর

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, সিসিটিভি ও নিরাপত্তায় বিশেষ জোর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভানুগাছ রোডে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

বিজ্ঞাপন

সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও তা সচল রাখা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

সভায় প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা, স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীলভাবে কাজ করা এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রশাসনকে অবহিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, শ্রীমঙ্গলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ অটুট রেখে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার পূর্ণ আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি গুজব, অপপ্রচার ও যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন