কানাইঘাট সীমান্ত থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কানাইঘাট সীমান্ত থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা থেকে শাহিন আহমদ (২৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রামের সীমান্তবর্তী কৃষিজমি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত শাহিন আহমদ উপজেলার কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তার শরীরে স্পষ্ট গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে শাহিন নিখোঁজ ছিলেন। পরে শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন সীমান্তের ১৩২৮ নম্বর পিলারসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে সোনারখেওড় গ্রামের একটি কৃষিজমিতে তার গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, নিহত শাহিন মাঝেমধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতেন। গত শুক্রবার রাতেও ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে তিনি নিহত হয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহতের ভাই জসিম উদ্দিন জানান, শাহিন পেশায় একজন দিনমজুর ছিলেন। তার স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সীমান্তবর্তী সোনারখেওড় এলাকা থেকে শাহিন আহমদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে। ময়নাতদন্ত সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন