সিলেটের বালাগঞ্জে শিশু ধর্ষণ মামলায় প্রায় ১৯ বছর পর সুমেল খা নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী ও তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। দণ্ডিত সুমেল খা বালাগঞ্জ উপজেলার গোপকান গ্রামের তোইমুজ খার ছেলে।
ট্রাইব্যুনালের সরকারি আইনজীবী মোস্তাক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে বালাগঞ্জ সদর হাসপাতালের দ্বিতীয় তলার মহিলা ওয়ার্ডে শিশুটিকে ধর্ষণ করা হয়। এ ঘটনার পর দিন ৬ নভেম্বর শিশুটির চাচা বাদী হয়ে বালাগঞ্জ থানায় মামলা করেন।
রায়ে বলা হয়েছে, জরিমানার ১০ লাখ টাকা ভুক্তভোগী ও তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আসামি জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থ আদায়ের জন্য সিলেটের জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত। বর্তমান সম্পদ থেকে অর্থ আদায় সম্ভব না হলে ভবিষ্যতে অর্জিত সম্পদ থেকেও তা আদায় করা যাবে।
জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে আসামিকে আরো পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী, হাজতে কাটানো সময় সাজা থেকে বাদ দেওয়ার সুবিধা পাবেন তিনি। দণ্ড কার্যকরের জন্য আসামিকে কারাগারে পাঠাতে সাজা পরোয়ানা জারিরও নির্দেশ দিয়েছে আদালত।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

