নৌকা বাইচ দেখতে সহপাঠীদের সঙ্গে বাড়ি থেকে বের হয়েছিল ১৬ বছরের কিশোর ইয়াসিন সরদার। নদীর বুকে নৌকা বাইচের আনন্দে মেতে উঠেছিল চারপাশ। কিন্তু সেই আনন্দের মধ্যেই হঠাৎ নিখোঁজ হয়ে যায় ইয়াসিন। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি সে। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, কীর্তিনাশা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে থাকতে পারে ইয়াসিন।
শুক্রবার বিকেলে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের আড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ইয়াসিন সরদার ওই ইউনিয়নের পূর্ব আড়িগাঁও গ্রামের শাজাহান সরদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে কীর্তিনাশা নদীর আড়িগাঁও এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতার দ্বিতীয় দিনের আয়োজন শুরু হয়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে প্রতিযোগিতা। সহপাঠীদের সঙ্গে নৌকা বাইচ দেখতে নদীতে যায় ইয়াসিন। এ সময় সে একটি ট্রলারে অবস্থান করছিল।
একপর্যায়ে ইয়াসিন যে ট্রলারে ছিল সেটি হঠাৎ বিকল হয়ে যায়। পরে অন্য একটি ট্রলারে স্থানান্তরের সময় ইয়াসিন ওই ট্রলারে উঠেছিল কি না, তা নিশ্চিত করে বলতে পারেনি তার সঙ্গে থাকা সহপাঠীরা। এরপর প্রতিযোগিতা শেষ হলেও ইয়াসিন বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
সন্ধ্যার পরও তার কোনো সন্ধান না পেয়ে স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়তে থাকে। একপর্যায়ে পরিবারের সদস্যরা ধারণা করেন, ট্রলার থেকে নদীতে পড়ে গিয়ে ইয়াসিন নিখোঁজ হয়ে থাকতে পারে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রাও নদীর তীরে জড়ো হয়ে তার সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ট্রলার নিয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও রাত পর্যন্ত ইয়াসিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার সেলিম মিয়া বলেন, নিখোঁজের খবর পেয়ে রাত সাড়ে ৭টা থেকে আমরা উদ্ধার অভিযান শুরু করি। যে স্থানে পড়েছে বলে ধারণা করা হচ্ছে, তার আশপাশে ট্রলার নিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি। তবে নদীতে প্রবল স্রোত থাকায় তাকে পাওয়া সম্ভব হয়নি। তাকে না পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, ইয়াসিন নিখোঁজের ঘটনায় তার পরিবারে নেমে এসেছে উদ্বেগ ও উৎকণ্ঠা। রাত বাড়লেও নদীর তীরে স্বজনদের অপেক্ষা শেষ হয়নি। প্রিয় কিশোরের সন্ধানে নদীর দিকে তাকিয়ে আছেন পরিবারের সদস্যরা।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

