বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ভারপ্রাপ্ত কানুনগো গৌতম কুমার শীল লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় নিজ কার্যালয় থেকে বেরিয়ে আসার পথে জনৈক ব্যক্তি তার ওপর হামলে পড়েছেন। এ ঘটনায় স্থানীয় ভূমি কার্যালয়ে কর্মরত কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, কয়েকটি নামজারি আবেদনকে কেন্দ্র করে মহলবিশেষ বিয়ানীবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ভারপ্রাপ্ত কানুনগো গৌতম কুমার শীলের ওপর ক্ষিপ্ত ছিল। এর জেরে তাকে লাঞ্ছনার ঘটনা ঘটতে পারে।
ভিডিওতে দেখা যায়, ভূমি কার্যালয় থেকে বের হয়ে কোথাও যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা এক ব্যক্তি তার ওপর চড়াও হন। ঘটনাটি অপর ব্যক্তি মোবাইল ফোনে ধারণ করেন। কানুনগো গৌতম কুমার শীল জানান, বিয়ানীবাজার সাব-রেজিস্ট্রি অফিস থেকে জালিয়াতির দায়ে বহিষ্কার হওয়া এক দলিল লেখক প্রায়ই জাল কাগজপত্র দিয়ে নামজারি করিয়ে নিতে চান। এতে তিনি আপত্তি করেন। তিনি অভিযাগ করেন, কেবল ওই দলিল লেখকই নন- আরোও একাধিক ভূমি কর্মচারীকে জিম্মি করে টাকা-পয়সা আদায় করতে চান। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার জানান, একটি ভিডিও দেখেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

