হবিগঞ্জে ১৭ ঘণ্টা পর পরিবহন ধর্মঘট স্থগিত

হবিগঞ্জে ১৭ ঘণ্টা পর পরিবহন ধর্মঘট স্থগিত

প্রশাসনের আশ্বাসে প্রায় ১৭ ঘণ্টা পর হবিগঞ্জে চলমান অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। ফলে শুক্রবার থেকে হবিগঞ্জের সড়কগুলোতে বাস চলাচল শুরু হবে।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।

তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন ও প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। আগামী রোববার ঢাকায় এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ‘আমাদের ন্যায্য দাবি মানা না হলে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা এবং শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকাল থেকে হবিগঞ্জের মহাসড়কগুলোতে বাস চলাচল বন্ধ ছিল। হবিগঞ্জ থেকে কোনো বাসও ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। অনেককে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প পরিবহনে চলাচল করতে দেখা যায়।

সংশ্লিষ্টরা জানান, গত ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে হবিগঞ্জের বাস চলাচলে মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা বাধা দেন। পরে মৌলভীবাজারে হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং শ্রমিকদের মারধরের অভিযোগ ওঠে।

এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও নিজেদের দাবিগুলো বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন