আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আর্ট ক্যাম্পে সিসিক প্রশাসক

সুরমা নদী রক্ষায় নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন

সিলেট ব্যুরো

সুরমা নদী রক্ষায় নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন

সিলেটের সুরমা নদী রক্ষায় জনসচেতনতা ও নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, সুরমা নদীর দুই তীরে অপরিকল্পিত নগরায়ণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ও অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এসব সমস্যা সমাধানে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন জনসচেতনতা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ।

শনিবার দুপুরে আন্তর্জাতিক নদী রক্ষা (নদীকৃত্য) দিবস উপলক্ষে আয়োজিত ‘সুরমার দূষণ’ শীর্ষক আর্ট ক্যাম্পে তিনি এসব কথা বলেন। সুরমা রিভার ওয়াটারকিপার সিলেটের উদ্যোগে সুরমা নদীর চাঁদনীঘাট এলাকায় এই আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সিসিক প্রশাসক বলেন, এক সময় সুরমা নদী ছিল স্বচ্ছ ও প্রাণবন্ত। কিন্তু বর্তমানে পলিথিনসহ বিভিন্ন ধরনের আবর্জনায় নদীর তলদেশ ভরাট হয়ে গেছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। পাশাপাশি সিলেট শহরের ছোট-বড় অন্তত ৫০টি খাল ও ছড়া ময়লা-আবর্জনায় ভরাট হয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে।

আব্দুল কাইয়ুম বলেন, সুরমা নদীকে দূষণমুক্ত করতে সিটি করপোরেশন বিভিন্ন সময় উদ্যোগ নিয়েছে। কিন্তু অনেক সময় শেষ হওয়ার আগেই বর্ষা মৌসুম শুরু হয়ে যাওয়ায় তা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে প্রত্যয় নিয়েছি—এ শহরকে সুন্দর ও বাসযোগ্য করে তুলব।

গ্রীষ্ম ও বর্ষা মৌসুম সামনে রেখে জলাবদ্ধতা প্রতিরোধে এখন থেকেই ড্রেন কিংবা যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সুরমা রিভার ওয়াটারকিপার ও ধরিত্রী রক্ষায় আমরা ধরা সিলেটের সদস্য সচিব আব্দুল করিম চৌধুরী কিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক, সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, পরিবেশকর্মী অরূপ শ্যাম বাপ্পী ও গোলাম সোবহান চৌধুরী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...