বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে সুরমার পানি

বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে সুরমার পানি
নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উজানে ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রভাবে সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুর ১২টার পাউবোর সর্বশেষ তথ্য অনুযায়ী, ছাতক পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮৬ মিটার, যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে। জেলার অন্যান্য নদ-নদীতেও পানির উচ্চতা বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে।

পাউবোর উপসহকারী প্রকৌশলী সৈয়দুজ্জামান নাহিদ জানান, গত ২৪ ঘণ্টায় ছাতকে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিপাতের পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদীর পানি দ্রুত বাড়ছে।

এদিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় লাউয়ারগড়ে সর্বোচ্চ ১৪০ মিলিমিটার এবং সুনামগঞ্জ সদর এলাকায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে জেলার বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলের চাপ অব্যাহত রয়েছে। ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরো বলেন, আগামী ২৪ ঘণ্টায় উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন