রাজধানীর সঙ্গে সড়কপথে যোগাযোগের ঢাকা-সিলেট মহাসড়কের কাজ চার বছর ধরে এগোচ্ছে না। তার জন্য প্রায় সাড়ে ৮০০ একর ভূমি অধিগ্রহণের প্রয়োজন হলেও গত চার বছরে অধিগ্রহণ হয়েছে মাত্র ১৫ শতাংশ ভূমি। ফলে সিলেটবাসীর ছয় লেনের স্বপ্ন মুখথুবড়ে পড়েছে।
তবে আলোচিত ম্যাজিস্ট্রেট সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ প্রকল্প নিয়ে আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, দুই-তিন মাসে সিলেট অংশের জমি অধিগ্রহণ সম্পন্ন এবং পাঁচ-ছয় মাসের মধ্যে পুরোদমে কাজ শুরু হবে।
মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক এ আশাবাদ ব্যক্ত করেন।
২০২১ সালে শুরু হওয়ায় মহাসড়ক উন্নয়ন প্রকল্পটি দীর্ঘদিন ধরে আটকে আছে। স্থানে স্থানে কিছু ভূমি অধিগ্রহণের কারণে এ সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সিলেট থেকে ঢাকা যেতে এখন ১৪-১৫ ঘণ্টা সময় লেগে যায়।
জানা গেছে, ২০৯ কিলোমিটার দৈর্ঘ্যের ওই মহাসড়কের ভূমি অধিগ্রহণ করা হয়েছে মাত্র ১৫ ভাগ। এখনও ৮৫ ভাগ ভূমি অধিগ্রহণ বাকি রয়েছে।
জেলা প্রশাসক বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে বিলম্ব হচ্ছে। তবে সম্প্রতি ঊর্ধ্বতন কর্মকর্তারা সিলেট এসেছিলেন। আমরা তাদের সঙ্গে বসেছিলাম। আশা করছি দুই-তিন মাসের মধ্যে সিলেট অংশের জমি অধিগ্রহণের কাজ শেষ হবে। ইতোমধ্যে ইউটিলিটি যেগুলো ছিলÑযেমন বিদ্যুৎ-গ্যাসলাইন সরিয়ে নেওয়া হয়েছে।
জানা গেছে, এ সড়ক প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০২১ সালে। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে। ঢাকা-সিলেট ছয় লেন সড়ক উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১৭ হাজার কোটি টাকা। প্রকল্পের জন্য সাতটি জেলা থেকে মোট ৮২৯ দশমিক ৮৩ একর ভূমি অধিগ্রহণের প্রয়োজন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

