গণমাধ্যম কর্মীর সঙ্গে মহিলাদলের বহিষ্কৃত নেত্রীর অশালীন আচরণ

 গণমাধ্যম কর্মীর সঙ্গে মহিলাদলের বহিষ্কৃত নেত্রীর অশালীন আচরণ
ছবি: আমার দেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমার দেশের উপজেলা প্রতিনিধি জালাল উদ্দিন মনিরের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী মহিলা দলের বহিষ্কৃত নেত্রী নায়লা ইসলামের বিরুদ্ধে। তথ্য জানতে গিয়ে একজন গণমাধ্যমকর্মীর সঙ্গে এমন আচরণের ঘটনায় নবীনগরে নিন্দা, প্রতিবাদ ও সমালোচনার ঝড় উঠেছে।

জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নিয়ম, নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের ২২ জানুয়ারি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্যপদ, প্রাথমিক সদস্যপদ এবং সকল পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার হন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নায়লা ইসলাম।

বিজ্ঞাপন

মহিলা দল থেকে বহিষ্কারের পর নায়লা ইসলাম এনসিপিতে যোগ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে এনসিপি থেকে মনোনয়ন পেতে তিনি দলীয় ফরমও উত্তোলন করেন। পরে মনোনয়ন না পেয়ে নায়লা আবারো বিএনপির ব্যানারে নবীনগরে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

এ নিয়ে নবীনগর উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গত কয়েক দিন ধরে ফেসবুকেও এ নিয়ে ব্যাপক লেখালেখি শুরু হয়। অদ্যাবধি তার বহিষ্কারাদেশ স্থগিত কিংবা প্রত্যাহার করা হয়েছে—এমন কোনো সিদ্ধান্ত কারও জানা নেই। অথচ দলীয় নির্দেশনার বাইরে গিয়ে কীভাবে ও কোন প্রক্রিয়ায় তিনি দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার সন্ধ্যায় নায়লা ইসলামের হোয়াটসঅ্যাপে একটি ক্ষুদে বার্তা পাঠানো হয়। জবাব না পেয়ে তার মুঠোফোনে কল দেন জালাল উদ্দিন মনির। তিনি সালাম দিয়ে নিজের নাম-পরিচয় দিতেই নায়লা ইসলাম উত্তেজিত হয়ে তার মাকে নিয়ে অশালীন ভাষায় গালমন্দ শুরু করেন বলে অভিযোগ।

প্রতিবেদক তাকে বারবার ‘বোন’ বলে সম্বোধন করলেও তার অশালীন ভাষার ব্যবহার বন্ধ হয়নি বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে সালেহা আক্তার নামে মহিলা দলের এক নেত্রীর নাম উল্লেখ করে তার চরিত্রহননের মতো কথা বলেন নায়লা ইসলাম।

কিছুক্ষণ পর নায়লা ইসলাম জালাল উদ্দিন মনিরকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে থাকে।

মানুষের বিভ্রান্তি দূর করতে জালাল উদ্দিন মনির ওই মুঠোফোনের অডিও ফেসবুকে পোস্ট করেন। অডিওটি শোনার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা এমন আচরণের তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন।

একজন গণমাধ্যমকর্মী তথ্য জানতে গিয়ে এমন অশালীন আচরণের শিকার হবেন কেন—এমন প্রশ্ন উঠেছে নবীনগরজুড়ে। এ ঘটনায় প্রতিবাদ, সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে।

উল্লেখ্য, ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবিতে রাজধানীর ডেমরায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছিলেন ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য এবং ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়লা ইসলামসহ তার অনুগতরা। মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) স্টাফ কোয়ার্টার চৌরাস্তা এলাকায় তারা এসব কর্মসূচি পালন করেন।

এর পরদিনই, ২২ জানুয়ারি ২০২৫, দলের নিয়ম, নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নায়লা ইসলামকে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্যপদ, প্রাথমিক সদস্যপদ এবং সকল পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

তাদের দুজনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নায়লা ইসলামের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন