হবিগঞ্জের নবীগঞ্জে বসতঘর থেকে এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬৩) উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামের বাসিন্দা।
সোমবার সকালে স্বজনরা ঘরে ঢুকে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। লাশের হাত ও পা রশি দিয়ে বাঁধা এবং মুখে কস্টেপ পেঁচানো ছিল। স্থানীয়রা চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে চুরি নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে এবং দ্রুত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

