আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নতুন নীতিমালা বাতিলের দাবিতে সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

নতুন নীতিমালা বাতিলের দাবিতে সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা নীতিমালা সংশোধনের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ নভেম্বর প্রকাশিত নতুন নীতিমালার ফলে দেশব্যাপী প্রায় ৪৪ হাজার অনুমোদিত খুচরা সার বিক্রেতার সনদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আগামী ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে সব ধরনের ব্যাবসায়িক কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন ধরে এ পেশায় নিয়োজিত ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

সংগঠনের জেলা সভাপতি নীল মিয়া আকাশ বলেন, অনেক বিক্রেতা ব্যাংক ঋণ ও দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। সার বিক্রি কার্যক্রম বন্ধের নির্দেশে তারা ঋণের বোঝা নিয়ে পথে বসার উপক্রম হয়েছেন। নতুন নীতিমালার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি বৈষম্য করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তারা।

মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন খুচরা সার বিক্রেতা সংগঠনের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি রইসুর রহমান। এতে বক্তব্য রাখেন, খুচরা সার বিক্রেতা সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, শাল্লা উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সদর উপজেলার সাধারণ সম্পাদক রমজান আলী, মানিক মিয়া প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন