বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, এখন একটা কথা উঠেছে, নির্বাচন আগে না বিচার আগে। অবশ্যই বিচার আগে। এখন বৈশাখ মাস চলছে। শেখ হাসিনার এই বিচার আগামী তিনমাসের মধ্যে শেষ করতে হবে। সংস্কার কাজও তিনমাসের মধ্যে সম্ভব। তারপরেও অন্তর্বর্তী সরকারের হাতে আরও কয়েকমাস সময় থাকে অগ্রহায়ণ মাস আসতে। মানুষ সামনের অগ্রহায়ণ মাসের শেষে জাতীয় নির্বাচন চায়।
বৃহস্পতিবার বিকেলে আমতৈল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসের রহমান আরো বলেন, গত সাড়ে পনেরো বছর আমরা রাজনীতি করতে পারিনি। এরকম ইউনিয়ন সম্মেলন চিন্তাও করা যায়নি। এরকম প্রোগ্রামের আয়োজন করলেই পুলিশের পাঁচটা গাড়ি এসে আমাদের মিটিং বন্ধ করে দিতো। স্বৈরাচার তখনো কিন্তু বুঝে নাই, যে তার দিন একদিন শেষ হবে। এই স্বৈরাচারের বিরুদ্ধে আটমাস আগে যা ঘটেছে, এগুলো সরাসরি আল্লাহর বিচার। সীমাহীন লাগামহীন জুলুম নির্যাতন চালিয়েছে। একটা সাতাত্তর বছর বয়সী মহিলা পনেরোশত মানুষকে হত্যা করেও ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। বিশ হাজার মানুষকে নির্বিচারে গুলিবিদ্ধ করে আহত করেছে। পঙ্গু করেছে। জানালা দিয়ে নারী শিশু যারা তাকিয়েছে তাদেরকেও নির্বিচারে গুলি করেছে। হত্যা করেছে। এই শেখ হাসিনার বিচার আগামী কয়েক মাসের মধ্যে এই বাংলার মাটিতে হতে হবে এবং তার বিচার মৃত্যুদণ্ড ছাড়া আর কোন বিচার নেই। শেখ হাসিনার নির্দেশে এই পুলিশ বাহিনী স্বেচ্ছচারভাবে নির্বেচারে মানুষকে গুলি করে মেরেছে। এর বিচার হতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকসী মিছবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, সদর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আয়াছ আহমদ, যুগ্ম আহ্বায়ক মারুফ আহমদ।
এতে সভাপতিত্ব করেন আমতৈল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

