হবিগঞ্জের বাহুবলে ইউএনওর নাম ভাঙিয়ে পুটিজুরী ইউনিয়ন বিটের কর্মকর্তা এএসআই আব্দুল মোতালেবের টাকা দাবির কল রেকর্ড ভাইরালের পর তাকে ক্লোজ করা হয়েছে । জনৈক সাংবাদিকের সঙ্গে এই পুলিশ কর্মকর্তার কথোপকথনের একটি কল রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোজ করেছেন বলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন তালুকদার জানান।
খোঁজ নিয়ে জানা যায়, এএসআই মোতালেব বাহুবল মডেল থানার অধীনে পুটিজুরী বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১ আগস্ট শুক্রবার বিকেলে তিনি পুটিজুরী ইউনিয়নের মিরেরপাড়া এলাকায় যান বলে স্থানীয়রা জানান। এ সময় তিনি বালু উত্তোলনে জড়িত কাউকে না পেয়ে ফিরে আসেন।
পরবর্তীকালে তাকে জনৈক সাংবাদিক ছদ্মবেশে ফোন করলে এএসআই মোতালেব সরাসরি দেখা করে বিষয়টি ‘সমাধান’ করার প্রস্তাব দেন। কিন্তু ফোনদাতা সরাসরি দেখা করতে অপারগতা প্রকাশ করলে তিনি বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য বলেন এবং পরদিন সাক্ষাৎ করে বিষয়টি মীমাংসার তাগিদ দেন।
এ ঘটনার অডিও কল রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এবং বাহুবলে চাঞ্চল্যের সৃষ্টি হয় ।
এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করলে এএসআই মোতালেব বলেন, ‘একজন সাংবাদিক আমাকে ফোন দিয়েছিল, আমি তাকে চিনি না।’ কলার বিকাশে কীসের টাকা দিতে চেয়েছিল প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘জানি না।’
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

