নবীগঞ্জ উপজেলায় দিনদুপুরে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় সোমবার রাতে পুলিশ আন্তঃজেলা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য খালেদ আহমেদকে শ্রীমঙ্গল শহর থেকে গ্রেপ্তার করেছে। ধৃত খালেদ সিলেট জেলার গোলাপগঞ্জ থানার গৌরাবাড়ি গ্রামের বশির আলীর ছেলে। পুলিশ অস্ত্রের মুখে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনার রহস্য উদঘাটনে প্রাণপণ চেষ্টা করছে।
উল্লেখ্য, গত রোববার সকালে অস্ত্রের মুখে একই কায়দায় পৃথকস্থানে দুই নারী শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রকাশ্য ছিনতাই, চুরি, সংঘাত, সহিংসতা, হত্যাকাণ্ডের মতো অপরাধ বৃদ্ধি পাওয়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে নারী শিক্ষকদের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকায় এবং উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর এলাকায় এ দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই দিনে, একই ধরনের কৌশলে সংঘটিত ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে দুই শিক্ষিকা নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ রহস্য উদঘাটন এবং ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযানে নেমে পড়ে। একপর্যায়ে একদিনের ব্যবধানে নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল পুলিশের সহযোগিতায় শ্রীমঙ্গল শহর থেকে খালেদ আহমেদ নামে আন্তঃজেলা ছিনতাইকারীদের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এসআই জয়ন্ত তালুকদার বলেন, ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। আসামিকে রিমান্ডের আবেদন করা হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

