ইয়াবা সেবনের ভিডিও ভাইরালের পর যুবদল নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

ইয়াবা সেবনের ভিডিও ভাইরালের পর যুবদল নেতা বহিষ্কার
বহিষ্কৃত যুবদল নেতা শামীম আহমেদ

মাদক সেবন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, শামীম আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে তাকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে, শামীম আহমেদের বহিষ্কারের ঘটনায় মাধবপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বিষয়টিকে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় নেতৃত্বের কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন অভিযোগে অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় যুবদল। এরই ধারাবাহিকতায় শামীম আহমেদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নীতি অনুসরণ করছে যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন