মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের ভাতার অর্থ জালিয়াতি করে কেটে রাখা ও আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ব্যাংক এশিয়ার কতিপয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনার বিচার ও বকেয়া অর্থ পাওয়ার দাবিতে মাজদিহি চা-বাগানের ৩০ জন ভুক্তভোগী চা-শ্রমিকের একটি লিখিত অভিযোগ গতকাল বুধবার বিকেলে ইউএনও মো. জিয়াউর রহমানের কাছে দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত চা-শ্রমিকদের প্রাপ্ত ভাতার পূর্ণাঙ্গ ৭ হাজার ৮০০ টাকার পরিবর্তে ভুক্তভোগী শ্রমিকদের কাউকে ৩ হাজার টাকা, আবার কাউকে ৩ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়েছে। অর্থ বিতরণের সময় ডকুমেন্টস প্রসেসিংয়ের দোহাই দিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিতে টিপসই ও স্বাক্ষর নেওয়া হলেও প্রদেয় ভাতার প্রকৃত পরিমাণ উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করেন অসহায় শ্রমিকেরা।
অভিযোগপত্রে ব্যাংক এশিয়ার শ্রীমঙ্গল শাখার কর্মচারী রাম কুমারী নুনিয়া, রাজু রায় ও সবিতা বাউরীর নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকি রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাতা বিতরণে চরম অনিয়মের কারণে আমরা গরিব শ্রমিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আমাদের পাওনা বকেয়া টাকা বুঝিয়ে দেওয়া হোক।
একই বাগানের পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি অনিল কর্মকার বলেন, সরকার চা-শ্রমিকদের সহায়তার জন্য যে ভাতা দেয়, তার প্রকৃত মালিক শ্রমিকেরা নিজেই। আমাদের বাগানের প্রায় ২ হাজার ভাতাভোগীর টাকা কেন এমন অবৈধভাবে কেটে রাখা হবে—আমরা প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।
জানতে চাইলে ব্যাংক এশিয়ার জেলা কার্যালয়ের ব্যবস্থাপক তুহিন আহমদ ইয়ামির জানান, ঘটনাটি তিনি মৌখিকভাবে শুনেছেন। অভিযোগ হাতে পেলে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ভাতাভোগীদের অনেকের টাকা বিকাশ বা রকেটের মতো মোবাইল ব্যাংকিং মাধ্যমেও পাঠানো হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোয়েব হোসেন চৌধুরী বলেন, শ্রমিকেরা লিখিত অভিযোগ দিলে তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও মো. জিয়াউর রহমান জানান, চা-শ্রমিকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। ঘটনার সত্যতা ও গভীরতা যাচাইয়ে বৃহস্পতিবার সরেজমিনে মাজদিহি চা-বাগানে যাব। তদন্তে অভিযোগের সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

