ছাতকে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ছাতকে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
ছবি: আমার দেশ

সুনামগঞ্জের ছাতকে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় জুবায়ের আহমদ জয় (২৮) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মুক্তিরগাঁও এলাকার ২ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত জুবায়ের আহমদ জয় ছাতক পৌরসভার নোয়ারাই ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি মৌলভী জবির আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুবায়ের আহমদ জয় সাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে। লাশের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা গ্রহণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন