সিলেটকে নান্দনিক ও শান্তির নগরী করার প্রতিশ্রুতি বিকেএম প্রার্থী আতাউরের

সিলেটকে নান্দনিক ও শান্তির নগরী করার প্রতিশ্রুতি বিকেএম প্রার্থী আতাউরের

সিলেট সিটি করপোরেশনকে (সিসিক) আধুনিক, নান্দনিক ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ১৫ দফা প্রাথমিক অঙ্গীকার ঘোষণা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) মনোনীত মেয়র প্রার্থী আলহাজ মাওলানা আতাউর রহমান।

বৃহস্পতিবার দুপুরে নগরীর তালতলার একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি তার এসব নির্বাচনি পরিকল্পনা তুলে ধরেন।

বিজ্ঞাপন

ঘোষিত অঙ্গীকারের মধ্যে অন্যতম হলো সুরমা নদীর ওপর যুক্তরাজ্যের লন্ডনের টেমস নদীর আদলে দুটি নান্দনিক সেতু নির্মাণ, নগরীর বিভিন্ন স্কুল-মাদ্রাসায় বিনামূল্যে খাবার সরবরাহ এবং সিলেটকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা।

সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী আতাউর রহমান জানান, খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক সম্প্রতি সিলেট সফরকালে আসন্ন সিসিক নির্বাচনে তাকে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

নগরীর ১২টি প্রধান সমস্যা চিহ্নিত করে তা দূর করার প্রতিশ্রুতি দিয়ে আতাউর রহমান বলেন, অপরিকল্পিত নগরায়ণ, দীর্ঘদিনের জলাবদ্ধতা, অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা, জরাজীর্ণ সড়ক, যানজট, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা ও সুপেয় পানির সংকট নগরবাসীর জন্য অন্যতম বড় ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে।

এসব সমস্যা দূর করতে তার ঘোষিত ১৫ দফার উল্লেখযোগ্য পরিকল্পনার মধ্যে রয়েছে—জলাবদ্ধতা নিরসন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, দুর্নীতি প্রতিরোধ, ডিজিটাল নাগরিক সেবা, প্রবাসীদের বিশেষ সেবা প্রদান ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টি।

আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘বিদেশে অর্জিত অভিজ্ঞতা দিয়ে সিলেটের দীর্ঘদিনের নাগরিক সমস্যার স্থায়ী সমাধান করতে চাই। দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সিলেটকে একটি শান্তির নগরী করাই আমার মূল লক্ষ্য।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা এমরান আলমসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন