হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর-ছাতিয়াইন সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে তলিয়ে যায়। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
জানা গেছে, হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর-ছাতিয়াইন সড়কটি মাধবপুরের পাশাপাশি নাসিরনগর ও লাখাই উপজেলার মানুষেরও যোগাযোগের একমাত্র সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজারো মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। বিশেষ করে রোগী বহনকারী সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের চালকদের বেশি বিপাকে পড়তে হচ্ছে। এক সিএনজি অটোরিকশাচালক রহিম মিয়া বলেন, ‘বৃষ্টি হলে গর্তগুলো পানিতে ডুবে যায়। তখন কোথায় কত বড় গর্ত, তা বোঝা যায় না। যাত্রী নিয়ে চলাচল করতে গিয়ে সব সময় দুর্ঘটনার ভয় থাকে। দ্রুত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।’ স্থানীয় যাত্রী লাভলী আক্তার বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। শিক্ষার্থী ও রোগীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। রাস্তার এই অবস্থা দ্রুত ঠিক না করলে মানুষের ভোগান্তি আরো বাড়বে।’
এ বিষয়ে মাধবপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সামছ্ জাবেদ বলেন, ‘এ রাস্তা হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সলের মাধ্যমে সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা এবং ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ (ডিপিপি) প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। তাছাড়া মাধবপুর-চৌমুহনী বাজার সড়ক, রতনপুর-শাহজাহানপুর সড়ক ও মাধবপুর-নাসিরনগর সড়ক ওই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। খুব শিগগির কাজ শুরু করা হবে।’ এলাকার মানুষ দ্রুত সড়কের সংস্কারকাজ শুরু করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মানুষকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

