মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিন্দুরখান ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশে পরিচালিত এ অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে বালুমহালগুলোতে অভিযান চালিয়ে আনুমানিক ৫০০ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। অভিযানে সেনাবাহিনীর একটি টিম অংশগ্রহণ করে নিরাপত্তা ও সহায়তা প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সম্প্রতি সম্ভাব্য বালু উত্তোলনস্থলে লাল পতাকা টাঙানো ও বাঁশের ব্যারিকেড বসিয়ে ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে।
নদী, জীববৈচিত্র্য, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুসরণ করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান ইউএনও।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

