মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার দুপুর ১২টায় ঢাকার মিরপুরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কুলাউড়া ও মৌলভীবাজার অঞ্চলের রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৪৫ সালের ১৭ মার্চ কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল মতিন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
রাজনৈতিক জীবনে তিনি মৌলভীবাজার-২ আসন থেকে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি দুইবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি দীর্ঘদিন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং জয়চন্ডী ইউনিয়ন পরিষদের পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এলাকার উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পরিবার সূত্রে আরও জানা গেছে, মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার সকাল ১১টায় কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টায় তার নিজ জন্মস্থান কামারকান্দি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

